ফরিদপুরে বাস খাদে পড়ে নিহত ২, আহত ১৫

ফরিদপুর সংবাদদাতা।।
ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
স্থানীয় হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, বুধবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা ইউরো লাইন পরিবহনের একটি বাস ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে উল্টে যায় এবং কিছু সময়ের জন্য পানিতে ডুবে যায়।
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. রাসেল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করা হয়। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও বাসের মধ্যে অন্য কেউ আহত বা আটকা পড়ে আছে কিনা তা খুঁজছেন।
ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কের যান চলাচল বন্ধ থাকে। পুলিশ তল্লাশি চালিয়ে দুর্ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করছে।
<1>
This is the last page





















