বাড়িতে পুলিশি তল্লাশির সময় আতঙ্কে বিএনপি নেতার স্ত্রীর মৃত্যু

ফরিদপুরে বিএনপি নেতার বাড়িতে পুলিশি তল্লাশিকালে আতঙ্কে তার স্ত্রী স্কুল শিক্ষক রেঞ্জুয়ারা বেগম (৪০) মারা গেছেন। অভিযানের সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন ও পরে মারা গেছেন বলে অভিযোগ করেন বিএনপি নেতা ইকরাম হোসেনের। রেঞ্জুয়ারা বেগম নগরকান্দা উপজেলা বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এস এম ইকরাম হোসেনের স্ত্রী।
শনিবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চরশোরদী ইউনিয়নের দহিসারা গ্রামে ইকরাম হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
বিএনপি নেতা ইকরাম হোসেন ভাঙ্গার কালামৃধা ইউনিয়নের দেওড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্ত্রী রেঞ্জুয়ারা বেগম স্থানীয় চাঁদহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। বিএনপি নেতা এস এম ইকরাম হোসেন সাংবাদিকদের বলেন, শনিবার রাত সোয়া ১১টা থেকে সাড়ে ১১টা মধ্যে পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িতে তার স্ত্রী একাই ছিলেন। পুলিশ ঘরে ঢুকে তাকে খোঁজ করে এবং সমস্ত ঘরের দরজা খুলে মালামাল তছনছ করে। তখন তার স্ত্রী ঘরের সোফায় বসা ছিলেন। বসা অবস্থায় আতঙ্কে তিনি অসুস্থ হয়ে পড়েন। স্ত্রীর এ অবস্থা দেখে পুলিশ পাশের বাড়ির রবীন ও তার স্ত্রীকে ডেকে বলে এই বাড়িতে এক মহিলা অসুস্থ হয়ে পড়েছে।
এস এম ইকরাম হোসেন আরও বলেন, পরে তার আত্মীয় স্বজন অসুস্থ স্ত্রীকে একটি মাইক্রোবাসে করে পার্শ্ববর্তী মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বলেন, গত রাতে উপজেলায় বিএনপি নেতাদের বাড়িতে তল্লাশি অভিযান পরিচালনা করেছে পুলিশ। তবে পুলিশি তল্লাশিতে আতঙ্কিত হয়ে কেউ মারা গেছে, এমন ঘটনা ঘটেনি।
নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন, এমন তথ্য আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে প্রকৃত ঘটনা কি, তা জানাতে পারব।






















