বাস খাদে পড়ে সেনা সদস্যের মৃত্যু

নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে আল আমীন নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ও ৬ জন।
শুক্রবার (২১ মার্চ) দুপুর আড়াইটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের দশ নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল আমীন নাটোর সদর উপজেলার বড়বাড়িয়া গ্রামের ওসিম উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বনপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, নাটোর থেকে ঢাকা গামী আরপি স্পেশাল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এসময় যাত্রীবাহী বাসটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য আল আমীনের মৃত্যু হয়। এতে আহত হন আরো ৬ জন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে বলেও জানান তিনি।



















