বিয়ের প্রতিশ্রুতিতে সৌদি প্রবাসীর কাছ থেকে ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ

মাসুদুর রহমান জামালপুর প্রতিনিধি।।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সৌদি প্রবাসীর কাছ থেকে বিভিন্ন সময়ে প্রায় চার লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক তরুণীর বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার দাবি করেছেন সৌদি প্রবাসী ইকবাল হোসেন রিফাত।
অভিযোগ সূত্রে জানা যায়, মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের নাংলা গ্রামের ইউসুফ মন্ডলের মেয়ে লামিয়া (২২)–এর সঙ্গে ফেনী জেলার ফুলগাজী উপজেলার নুর ইসলামের ছেলে ও সৌদি প্রবাসী ইকবাল হোসেন রিফাতের প্রায় দুই বছর আগে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। পরে তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে বলে দাবি করেন রিফাত।
রিফাতের অভিযোগ, একপর্যায়ে লামিয়া তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন। এ সময় লামিয়ার পরিবারের সদস্যদের সঙ্গেও তার যোগাযোগ তৈরি হয়। বিয়ের পর সংসার ও পরিবারের দায়িত্ব নেওয়ার কথা বিবেচনা করে গত দুই বছরে বিভিন্ন সময়ে বিকাশ ও ব্যাংকের মাধ্যমে প্রায় চার লাখ টাকা পাঠিয়েছেন বলে দাবি করেন তিনি।
রিফাত আরও অভিযোগ করেন, গত দুই-তিন মাস ধরে তিনি আর টাকা না দেওয়ায় লামিয়া তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। পাশাপাশি লামিয়ার কয়েকজন আত্মীয়ের মাধ্যমে তাকে হুমকি দেওয়ারও অভিযোগ করেন তিনি।
অভিযোগের বিষয়ে লামিয়ার বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশিস রায় বুধবার (২৬ আগস্ট) দুপুর ২টার দিকে মুঠোফোনে বলেন, বিষয়টি তিনি এখনো দেখেননি। বিষয়টি দেখে বিস্তারিত জানাতে পারবেন। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



















