ভারতকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন

ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৬ সাফের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের কিশোরীরা। টাইব্রেকারে ৩-২ গোলে জয় পেয়ে শিরোপা ঘরে তোলে লাল সবুজের প্রতিনিধিরা। রাউন্ড রবিন লিগে সবগুলো ম্যাচ জিতে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ।
রোববার কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। ম্যাচের শুরুতেই গোল হজম করে বসে বাংলাদেশ। ম্যাচের পাঁচ মিনিটেই ভারতকে এগিয়ে নেয় আনুশকা কুমারী। গোলে সমতায় ফেরার চেষ্টা করে বাংলাদেশ প্রথমার্ধে সমতায় ফিরতে পারেনি। ফলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্থে গিয়ে গোল শোধ করে বাংলাদেশ। ম্যাচের ৭১ মিনিটে মোমিতার গোলে সমতায় ফেরে বাংলাদেশের মেয়েরা। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়া ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। প্রথম শটটি নিয়েছিলেন দলের ভরসা সুরভী আকন্দ। তবে তার শটটি বামপাশে ঝাপিয়ে পড়ে ফিরিয়ে দেন ভারতীয় গোলরক্ষক। অন্যদিকে ভারত প্রথম শটেই গোল আদায় করে নেয়।
তবে ফাইনালে বাংলাদেশের জয়ের কারিগর গোলরক্ষক ইয়ারজান। তিনি ভারতের আলিনা, বনিফিলিয়া ও দেবযানীর তিনটি শট ঠেকিয়ে দিয়েছেন। তাতেই ৩-২ ব্যবধানে জয় পেয়ে উদযাপনে মাতে বাংলাদেশ। টাইব্রেকারে বাংলাদেশের আলপি গোল করতে ব্যর্থ হয়েছেন। তার শট গোলবারে লেগে ফিরে আসে।
আসরে পাঁচটি গোল করে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বাংলাদেশের প্রীতি। এছাড়া সেরা গোলরক্ষকের পুরস্কার উঠেছে ইয়ারজানের হাতেই।




















