ভারতে পালানোর চেষ্টায় দর্শনা চেকপোস্টে আ.লীগ নেতা গ্রেপ্তার

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
ভারতে পালানোর সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. এস এম মুনিরকে দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট থেকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মামলা থাকায় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে তাকে আটক করা হয়।
আটক এস এম মুনির গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়ার জহিরুলের ছেলে। ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, অ্যাড. এস এম মুনির ভারতে প্রবেশের উদ্দেশ্যে দর্শনা চেকপোস্টের ইমিগ্রেশন কাউন্টারে পৌঁছান। এ সময় তার পাসপোর্ট এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করার সময় তার বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায় এবং তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয়।
দর্শনা ইমিগ্রেশন পুলিশের এএসআই তারেক মাহমুদ জানান, আটক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মামলা রয়েছে। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শহীদ তিতুমীর জানান, আটক নেতাকে বর্তমানে থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় (গোপালগঞ্জ) হস্তান্তর করা হবে।





















