ভারত থেকে দর্শনা হয়ে এল ১৮টি অত্যাধুনিক এলএইচবি রেল কোচ

দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক।।
ভারত থেকে আমদানি করা সর্বাধুনিক সুবিধাসম্পন্ন ১৮টি নতুন লিংকহফম্যান বুশ (এলএইচবি) ব্রডগেজ রেলকোচ বাংলাদেশে প্রবেশ করেছে। ভারতের পাঞ্জাবের কাপুরথালা রেল কোচ কারখানা থেকে তৈরি হয়ে আসা এসব কোচ পশ্চিমবঙ্গের রানাঘাট হয়ে দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে জংশন দিয়ে দেশের সীমানায় পৌঁছায়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ভারত থেকে আসা এই প্রথম চালানের রেকটিতে রয়েছে তিনটি শীতাতপ নিয়ন্ত্রিত শয্যাযান, তিনটি শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার কোচ, ১১টি সাধারণ চেয়ার কোচ এবং দুটি পাওয়ার কারসহ জেনারেটর কোচ। ভারতীয় প্রতিষ্ঠান রাইটস লিমিটেডের সঙ্গে বাংলাদেশ রেলওয়ের সম্পাদিত চুক্তি অনুযায়ী মোট ২০০টি এলএইচবি কোচ সরবরাহের অংশ হিসেবে এই প্রথম চালান দেশে এল।
দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে পৌঁছানোর পর কাস্টমস ক্লিয়ারেন্স ও আনুষঙ্গিক দাপ্তরিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এরপর কোচগুলো নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় নেওয়া হবে। সেখানে প্রয়োজনীয় কারিগরি যাচাই, পরীক্ষা-নিরীক্ষা ও ফিটনেস নিশ্চিত করার পর দ্রুতই এগুলো যাত্রীবাহী ট্রেনে যুক্ত করা হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, অধিক গতির ও আধুনিক প্রযুক্তির এই কোচগুলো রেল বহরে যুক্ত হওয়ায় দেশের রেল যোগাযোগ ব্যবস্থায় যাত্রীসেবার মান উন্নত হওয়ার পাশাপাশি দূরপাল্লার ভ্রমণ আরও নিরাপদ ও আরামদায়ক হবে।






















