ভিমরুল্লায় ৩০০ পিস ইয়াবাসহ ৭০ বছরের নারী গ্রেফতার

দৈনিক পদ্মা সংবাদ:
চুয়াডাঙ্গা সদর উপজেলার ভিমরুল্লা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ নাজমা বেগম (৭০) নামে এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌরশহরের ভিমরুল্লা এলাকায় জেলখানা গেটের বিপরীতে ‘মিম স্টোর’-এর সামনে থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার নাজমা বেগম কুষ্টিয়া পৌরশহরের আড়ুয়াপাড়া রাজারহাট এলাকার মৃত আব্দুল লতিফের স্ত্রী। তার বাবার নাম মৃত লবু শেখ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার সন্ধ্যায় ভিমরুল্লা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ‘মিম স্টোর’-এর সামনে একটি বেঞ্চে বসে থাকা নাজমা বেগমকে সন্দেহ হলে তার কাছে থাকা পলিথিনের একটি প্যাকেট তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে প্যাকেটের ভেতর থেকে নীল রঙের জিপারযুক্ত দুটি প্যাকেট পাওয়া যায়। পরে সেগুলো খুলে মোট ৩০ গ্রাম ওজনের ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মধ্যে একটি প্যাকেটে ছিল ২০ গ্রাম ওজনের ২০০ পিস এবং অন্য প্যাকেটে ১০ গ্রাম ওজনের ১০০ পিস ইয়াবা।
ডিএনসি জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পরিদর্শক মনিরুজ্জামান বাদী হয়ে নাজমা বেগমের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান ও মাদক নির্মূলে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।



















