মাথাভাঙ্গা নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ, ম্যাজিক জাল আগুনে ধ্বংস

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মাথাভাঙ্গা নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত ও মাছের প্রজনন রক্ষায় অবৈধ বাঁধ ও নিষিদ্ধ ম্যাজিক জালের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মোবাইল কোর্টের মাধ্যমে নদীতে স্থাপিত একাধিক বাঁধ অপসারণের পাশাপাশি বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

আজ সোমবার সকাল ১১টায় কুড়ালগাছি ইউনিয়নের মাথাভাঙ্গা নদীর গলাইদড়ি সেতুর পার্শ্ববর্তী অংশে পৃথক অভিযানে নদীতে স্থাপিত আরও দুটি পাটা বাঁধ অপসারণ করা হয়। একই সঙ্গে প্রায় এক হাজার মিটার চায়না দুয়ারি (ম্যাজিক) জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীন আলম। অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন। এছাড়া জুড়ানপুর ইউনিয়নে পরিচালিত আরেকটি অভিযানে নিয়মবহির্ভূত কার্যক্রমের দায়ে একজন সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার অভিযানে সহায়তা করেন।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীন আলম সাংবাদিকদের বলেন, মাথাভাঙ্গা নদী দামুড়হুদা উপজেলার একটি গুরুত্বপূর্ণ নদী। কিছু অসাধু ব্যক্তি বাঁশের আড়াআড়ি বাঁধ দিয়ে অবৈধভাবে মাছ আহরণ করছিলেন, যা সম্পূর্ণ বেআইনি। এ কারণে উপজেলা মৎস্য কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ অবৈধ বাঁধ স্থাপন বা নিষিদ্ধ জাল ব্যবহার করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, নিয়মিত এমন অভিযান পরিচালিত হলে নদীর পরিবেশ রক্ষা পাবে এবং মাছের উৎপাদন বাড়বে।।





















