মাথাভাঙ্গা নদী থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা সংবাদদাতা।।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে হায়দার আলী নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার মুন্সিগঞ্জের মাধবীতলা এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
হায়দার আলী আলমডাঙ্গা উপজেলার রংপুর গ্রামের খোদাবক্সের ছেলে। স্থানীয়দের ভাষ্য, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন।
স্থানীয়দের ধারণা, অসাবধানতাবশত নদীতে পড়ে গিয়ে পানিতে ডুবে তাঁর মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা ১১টার দিকে কয়েকজন কিশোর মাথাভাঙ্গা নদীতে সাঁতার কাটছিল। এ সময় তারা নদীর স্রোতের সঙ্গে একটি মরদেহ ভেসে আসতে দেখে স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয়রা মরদেহটি নদীর কিনারে তুলে পুলিশকে সংবাদ দেন।
খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে হায়দার আলীর স্বজনরা মরদেহটি শনাক্ত করেন।
আলমডাঙ্গা থানা পুলিশ জানায়, মরদেহটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।






















