দর্শনায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে আজমপুর ডিফেন্স ক্লাব চ্যাম্পিয়ন

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
মাদককে না বলি, খেলাধুলায় মনোনিবেশ করি’ এই স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গার দর্শনায় আজমপুর ডিফেন্স ক্লাবের উদ্যোগে জমজমাট ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় আজমপুর ইটভাটা মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শুরু হয় এবং সন্ধ্যা ৬টায় তা শেষ হয়।
টুর্নামেন্টে আজমপুর ডিফেন্স ক্লাব জুনিয়র ও বয়েজ ক্লাব জুনিয়র নামের দুটি দল অংশগ্রহণ করে। উদীয়মান শিশু-কিশোর ফুটবলারদের সাবলীল ও প্রাণবন্ত অংশগ্রহণে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে। খেলোয়াড়দের চমৎকার নৈপুণ্য উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক স্থানীয় দর্শক উপস্থিত ছিলেন।
ফাইনাল ম্যাচে শুরু থেকেই উভয় দল আক্রমণ-পাল্টা আক্রমণে দুর্দান্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেয়। নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচটি ০-০ গোলে ড্র থাকে। পরে ম্যাচের ফলাফল নির্ধারণের জন্য টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। রোমাঞ্চকর টাইব্রেকারে আজমপুর ডিফেন্স ক্লাব জুনিয়র দল ৩-২ গোলে বয়েজ ক্লাব জুনিয়রকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল ম্যাচে দুর্দান্ত ক্রীড়াশৈলী প্রদর্শন করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন নীরব। এছাড়া পুরো টুর্নামেন্টে সফলভাবে রেফারির দায়িত্ব পালন করেন মইনুদ্দিন।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক আলহাজ্ব মশিউর রহমান।
এ সময় বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সভাপতি তোফাজ্জল হোসেন, হাজী মোখলেছুর রহমান, দর্শনা থানা ছাত্রদলের সভাপতি আরাফাত হোসেন, দর্শনা থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদুর রহমান লিঙ্কন ও মুস্তাফিজুর রহমান মোহন, দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পলাশ উদ্দিন, আজমপুর ডিফেন্স ক্লাবের সভাপতি রাসেল সরকার, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম ঝন্টু, এবং ক্লাবটির বিশিষ্ট ব্যক্তিবর্গ কামাল হোসেন, সুমন, হানিফ, ফরহাদসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব মশিউর রহমান তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয় এটি তরুণদের মধ্যে শৃঙ্খলা, ঐক্য ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে তোলে। নিয়মিত খেলাধুলার আয়োজন তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর জীবন গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আলোচনা সভা শেষে অতিথিরা বিজয়ী দল ও কৃতী খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এর মাধ্যমেই ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর সফল ও জমজমাট সমাপ্তি ঘটে।
























