মাদারীপুরে মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে কিশোর নিহত

মাদারীপুরের রাজৈর উপজেলায় মোটরসাইকেল ও যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শাওন মোল্লা (১৮) নামের এক কিশোর নিহত হয়েছেন। শুক্রবার (৬ জুন) দুপুরে উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদী ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাওন উপজেলার উমারখালী গ্রামের বাসিন্দা এবং মামুন মোল্লার ছেলে। দুর্ঘটনায় ইজিবাইকে থাকা নারীসহ বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, শাওন মোটরসাইকেল চালিয়ে টেকেরহাট থেকে নিজ বাড়ি উমারখালী গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে শংকরদী ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ইজিবাইকের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ইজিবাইকটি সড়ক থেকে ছিটকে পাশের খালে পড়ে যায়।
দুর্ঘটনাস্থলেই শাওনের মৃত্যু হয়। এ সময় ইজিবাইকে থাকা নারীসহ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ খান বলেন, “দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া প্রাথমিকভাবে শুরু হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”


















