শিরোনাম :
মানবতার সুর
Padma Sangbad

সংগ্রাম মিত্র।।
রাত্রির কাছে কথা বলতে হয় মাথা নামিয়ে ,
দিনের কাছে হাত পেতেছি কবে থেকেই।
অরণ্যগুলি পর্বত, সমুদ্রের কিনারে দাঁড়িয়ে –
শপথ নিই।
সকাল থেকে মানবতার ঘ্রান নিতে নিতে
রাত গভীর হয়।
ফেলে আসা সরল গাঁয়ের মেঠো আল পথ –
বাবা-মা’র ঘাম ঝরানো সাত পুরুষের ভিটে মাটি।
নাড়ি ছিঁড়ে যায় শহুরে জটিল – কুটিলতা ,
আত্মীয়তা ভেঙে ভেঙে নিঃসঙ্গতা বাড়ায়।
আছড়ে পড়ে বুকে বিপরীত তুমুল ঢেউ।
তবুও মেঠো সুরের স্পর্শ পাই।
যে সুর নতুন করে উঠে দাঁড়াতে শেখায়।
সংগ্রামী চেতনার শৃঙ্খলিত আলোয়।
দৃঢ় প্রত্যয়ে বেঁধে রাখি মানবতার সুর।






















