মানিকগঞ্জে ধর্মীয় অবমাননা ইস্যুতে বাউল শিল্পী আটক

দৈনিক পদ্মা সংবাদ অনলাইন ডেস্ক।।
ইসলাম ধর্মকে অবমাননার অভিযোগে মানিকগঞ্জের জনপ্রিয় বাউল সংগীতশিল্পী ছোট আবুল সরকারকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে মাদারীপুর জেলা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন জেলা ডিবির ইনচার্জ মোশাররফ হোসেন। আবুল সরকার সাটুরিয়ার তিল্লী ইউনিয়নের বাসিন্দা।
জানা যায়, চলতি বছরের ৪ অক্টোবর ঘিওর উপজেলার এক অনুষ্ঠানে তিনি বাউল গানের মধ্যে ইসলাম ও আল্লাহকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করেন। ওই ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। অভিযোগের ভিত্তিতে ডিবি তাকে মাদারীপুর থেকে আটক করে মানিকগঞ্জে নিয়ে আসে।
এ ঘটনায় ধর্মপ্রাণ মুসলমানরা আদালত চত্বরে মানববন্ধন করে আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
জেলা ডিবির ইনচার্জ মোশাররফ হোসেন জানান, ভিডিওটি ভাইরাল হওয়ার পর তদন্তের ভিত্তিতে আবুল সরকারকে গ্রেফতার করা হয়েছে।





















