মুজিবনগরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপন

মুজিবনগর (মেহেরপুর) প্রতিনিধি:
“শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠনে ৬০ বছর”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের মুজিবনগরে বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে গতকাল সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুন উদ্দিন আল আজাদের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার হাসনাইন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপায়ণ দেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর প্রেস ক্লাবের সভাপতি ওমর ফারুক প্রিন্স ও গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম। এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা শিক্ষক সমাজের মর্যাদা বৃদ্ধি, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মানসম্মত শিক্ষা গঠনে শিক্ষকদের অপরিসীম ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপায়ণ দেব বলেন, একটি সুশিক্ষিত জাতি ও উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা অনন্য। তাই শিক্ষকদের পেশাগত অধিকার, সামাজিক মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমেই তাদের যথাযথ সম্মান প্রদান করা সম্ভব।
বিশ্ব শিক্ষক দিবসের এই কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলার শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্ট মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যায়।


















