মেহেরপুরে এনএসআই পরিচয়ে মাদক উদ্ধারে গিয়ে যুবক আটক

মেহেরপুর সংবাদদাতা।।
মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্য পরিচয়ে মাদক উদ্ধারে গিয়ে মামুন (৩৫) নামে এক যুবক স্থানীয়দের হাতে আটক হয়েছেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। স্থানীয়দের দাবি, তার কাছ থেকে পুলিশের পোশাক, ওয়াকিটকি, ভুয়া পরিচয়পত্র ও ক্যাপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গত মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে রায়পুর গ্রামের হাইলদ্দি শেখের বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান। আটক মামুন মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের কলিমুদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে রায়পুর গ্রামে সন্দেহজনকভাবে মামুনকে ঘোরাফেরা করতে দেখা যায়। একপর্যায়ে তিনি মাদক উদ্ধারের কথা বলে হাইলদ্দি শেখের বাড়িতে তল্লাশি শুরু করেন। তার আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় প্রথমে তিনি নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেন। পরে কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়লে নিজেকে চুয়াডাঙ্গায় কর্মরত এনএসআই সদস্য বলে দাবি করেন।
তার পরিচয় যাচাই করতে স্থানীয়রা চুয়াডাঙ্গা এনএসআই কার্যালয়ে যোগাযোগ করেন। সেখান থেকে মামুন নামে কোনো কর্মকর্তা বা সদস্য কর্মরত নেই বলে জানানো হয়। বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্থানীয়রা মেহেরপুর সদর থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মামুনকে হেফাজতে নেয়।
স্থানীয়দের দাবি, মামুনের কাছ থেকে পুলিশের পোশাক, ওয়াকিটকি, পরিচয়পত্র ও ক্যাপ পাওয়া গেছে। এসব সামগ্রী তার কাছে কীভাবে এসেছে এবং সরকারি সংস্থার ভুয়া পরিচয় দিয়ে তল্লাশি চালানোর পেছনে তার উদ্দেশ্য কী ছিল, তা তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন তারা।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, বিষয়টি প্রাথমিক অনুসন্ধানের পর্যায়ে রয়েছে। আটক ব্যক্তির প্রকৃত পরিচয় এবং তার কাছে পাওয়া সামগ্রীর উৎস সম্পর্কে তদন্ত করা হচ্ছে। অনুসন্ধান শেষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
























