মেহেরপুরে চাকা ফেটে মাছবোঝাই আলগামন উল্টে আহত ২, সড়কে ছড়ালো মাছ

মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরে চাকা ফেটে মাছবোঝাই একটি আলগামন (স্থানীয় যান) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে উজ্জ্বল ও ইমরান হোসেন নামের দুজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে মেহেরপুর শহরের ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ অফিসের পাশে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে উজ্জ্বল ঝিনাইদহ জেলার মোহাম্মদপুর গ্রামের আসু হালদারের ছেলে এবং ইমরান হোসেন চুয়াডাঙ্গা জেলার তেঘরিয়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চুয়াডাঙ্গা থেকে ড্রামে মাছ ভর্তি করে আলগামনে করে মেহেরপুরের দিকে আসছিলেন তাঁরা। পথিমধ্যে মেহেরপুর শহরের ব্রিটিশ আমেরিকান টোব্যাকো অফিসের কাছে পৌঁছালে হঠাৎ গাড়িটির একটি চাকা বিকট শব্দে ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে যানটি রাস্তার পাশে উল্টে পড়ে। এ সময় গাড়িতে থাকা ড্রামগুলো ভেঙে বিপুল পরিমাণ মাছ রাস্তার ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।



















