মেহেরপুরে জেলা পরিষদের উদ্যোগে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মধ্যে চেক বিতরণ

মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর জেলা পরিষদের উদ্যাগে মানবিক ও সমৃদ্ধ সমাজ গঠনের লক্ষ্যে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতের আওতায় মোট ১১৩ জন উপকারভোগীর মধ্যে চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে জেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এক বিশেষ সম্মাননা ও অনুদান বিতরণী অনুষ্ঠানে অনুদানের এসব চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চেক তুলে দেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক মো. জাভেদ মাসুদ মিল্টন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন জেলা পরিষদের প্রধান সরকারি কর্মকর্তা জাহিদ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক মো. জাভেদ মাসুদ মিল্টন বলেন, “সংস্কৃতি ও সমাজকল্যাণ একটি মানবিক ও প্রাগ্রসর সমাজ কাঠামোর অবিচ্ছেদ্য অংশ। সমাজের অসচ্ছল, পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের গুণী ও নিবেদিতপ্রাণ ব্যক্তিদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। জেলা পরিষদের পক্ষ থেকে এ ধরনের অর্থায়নের উদ্দেশ্য হলো মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং সুস্থ সংস্কৃতির ধারাকে বাঁচিয়ে রাখা।”
তিনি আরও জোর দিয়ে বলেন, সরকারি সহায়তাকে প্রকৃত জনবান্ধব করতে হলে এর স্বচ্ছতা ও সঠিক বণ্টন নিশ্চিত করতে হবে, যাতে কোনো প্রকৃত সুবিধাভোগী বঞ্চিত না হন। সাংস্কৃতিক বিকাশ ও নিয়মিত সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডের মধ্য দিয়েই একটি অসাম্প্রদায়িক ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব।




















