যশোরাঞ্চলে দেড়ডজন ইজিবাইক চোর ছিনতাইকারী সিন্ডিকেট

যশোরাঞ্চলে অনেকগুলো অপরাধী চক্র ইজিবাইক চুরি ছিনতাই সিন্ডিকেট গড়ে একের পর এক ইজিবাইক চুরি ছিনতাই করে চলেছে। যশোরের ৮ টি থানা এলাকা ও পার্শ্ববর্তী জেলা মিলিয়ে দেড়ডজন সিন্ডিকেট এই কর্মকান্ডে জড়িয়ে পড়েছে। এরা এক এলাকার ইজিবাইক চুরি ছিনতাই করে অন্য এলাকায় বিক্রি করছে। অনেকগুলো ডেরাতেও চুরি ছিনতাই করা ইজিবাইক রাখছে বলেও তথ্য মিলেছে।
এসব তথ্যে ও ইজিবাইক চুরি ছিনতাইয়ের সুনির্দিষ্ট অভিযোগে ছায়া তদন্ত চালাচ্ছে যশোর জেলা গোয়েন্দা শাখা। এর আগে গত কয়েক মাসে দুই ডজন চোরাই ইজিবাইক উদ্ধারসহ ৩ ডজনের বেশি আসামি আটক করেছে। এছাড়া গত মাস ও চলতি মাসের ৪টি অভিযানে ১৫টি ইজিবাইক উদ্ধারসহ দেড় ডজন অভিযুক্ত আটক হয়েছে। ১৪ অক্টোবর অভিযানে উদ্ধার হয়েছে ৬টি ইজিবাইক, আটক হয়েছে পৃথক সন্ডিকেটের ৪ জন। সিন্ডিকেট সদস্য ও ডেরা শনাক্ত করতে ও চুরি ছিনতাই রোধে টহল বাড়ানোসহ আটক ও উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে গোয়েন্দা শাখা থেকে।
যশোরে কয়েকটি অপরাধী চক্র, ভাড়া থাকা ভাসমান একটি চক্র, আবার নড়াইল, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরার কয়েকটি চোর ছিনতাইকারী সিন্ডিকেট যশেরাঞ্চলে ইজিবাইক চুরি ছিনতাই করছে। আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিতে এরা এক এলাকা বা এক জেলা থেকে চুরি ছিনতাই করা ইজিবাইক অন্য এলাকার ডেরায় রাখছে আর বিকিকিনি করছে। এই চক্রের ওই সদস্যরা প্রত্যেকেই ইজিবাইক চালানোই পারদর্শী। যশোর ছাড়াও বিভিন্ন এলাকার ডেরা ও গ্যারেজের সাথে রয়েছে এদের সুসম্পর্ক। অন্য জেলা থেকে চুরি করে আনা বাইক যশোরে এনে গ্যারেজে ফেলে তারা রাতারাতি একটি গাড়ির যন্ত্রাংশ অবৈধভাবে অন্য গাড়িতে সংযোজন এবং রঙ পরিবর্তন করেও দিয়ে থাকে। এজন্য তাদের এক্সপার্ট কর্মীও রয়েছে।
যাত্রী সেজে নির্জন মাঠে নিয়ে অস্ত্রের মুখে ছিনতাই, আবার যাত্রী সেজে বাইকে উঠে কোমল পানির সাথে চালককে চেতনা নাশক খাইয়ে ইজিবাইক নিয়ে চম্পট দেয়া সিন্ডিকেট শনাক্তও হচ্ছে। যশেরাঞ্চলে দেড়ডজনেরও বেশি এই সিন্ডিকেট সক্রিয় বলে গোয়েন্দা সূত্রের দাবি। গত জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও ১৪ অক্টোবর পর্যন্ত এক ডজনের বেশি সিন্ডিকেট ও ডেরা শনাক্ত হয়েছে। বিভিন্ন থানায় দেয়া অভিযোগের ছায়া তদন্ত করতে গিয়ে পেয়েছে এসব সিন্ডিকেটের খোঁজ, অনেক ডেরা। ৮ অক্টোবর যশোর শহর ও শহরতলীর কয়েকটি ডেরায় অভিযান চালিয়ে আটক করা হয় ৭ জনকে। আর ৩টি ইজিবাইক উদ্ধার করা হয়। এরমধ্যে যশোরের বারান্দীপাড়া আমতলার সালমান মাতুব্বরের ইজিবাইকটি অজ্ঞাত ৪ জন আরোহী ইজিবাইক ভাড়া করে বেজপাড়া তালতলা এলাকায় নিয়ে ছিনিয়ে নেয়। এ ব্যাপারে মামলা হলে গোয়েন্দা শাখা ৮ অক্টোবর রাতে যশোর কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে প্রথমে চক্রের ৪ সদস্যকে আটক করে। পরে তাদের তথ্যের ভিত্তিতে চোরাই ইজিবাইক ক্রয়ের সাথে জড়িত রামনগর ও রুপদিয়া থেকে ২জনকে এবং সাতক্ষীরার তালা থেকে অপরজনকে আটক করে। উদ্ধার হয় ৩টি ইজিবাইক। এরপর থেকে আরো কিছু তথ্যে অভিযান চলে। বাঘারপাড়া বাবলাতলা এলাকা থেকে দোহাকুলা দক্ষিণপাড়ার বাহারুল শিকদারের একটি ইজিবাইক অজ্ঞাত ৪/৫ জনের দুস্কৃতকারী দল কৌশলে ছিনিয়ে নেয়ার ঘটনায় অভিযান চলে। এরপর ৫ অক্টোবর রাতে যশোরের নরেন্দ্রপুর, খুলনার খালিশপুর ও অভয়নগরের সিদ্ধিপাশা এলাকায় অভিযান পরিচালনা চক্রের ৪ সদস্যকে আটকসহ ৩টি চোরাই ইজিবাইক উদ্ধার হয়। আর ১৪ অক্টোবর শনাক্ত হয়েছে আন্তজেলা ইজিবাইক চোর ছিনতাইকারী কয়েকটি সিন্ডিকেট। চক্রের ৪ সদস্যকে আটকসহ ৬টি ইজিবাইক উদ্ধার হয়। শার্শার রামচন্দ্রপুরের আকমান আলীর বোরাক নামক ইজিবাইকটি যশোর শহরের মাইকপট্টি থেকে চুরির ঘটনায় ওই ৪ জন আটক হয়। এরা হচ্ছে পুলেহাটের ইসমাইলের ছেলে ইব্রাহিম ওরফে রৌদ্র (২২), চাঁচড়া রায়পাড়ার আজিজুল হাওলাদারের ছেলে আলামিন (২৪), রেলস্টেশন মোড়ের ফারুক হোসেনের ছেলে বিদ্যুৎ হোসেন (৩০) ও পুলেরহাট তপস্বীডাঙ্গার মৃত আবুল কাশেমের ছেলে শহিদুল ইসলাম বাবু (৪২)।
সূত্রের দাবি, যশোরাঞ্চলে সংঘবদ্ধ যে দেড়ডজন সিন্ডিকেট অপকর্ম করে যাচ্ছে, তার মধ্যে ডজনখানেক শনাক্ত হয়ে গেছে। আটককৃতদের তথ্যে একের পর এক ডেরা ও সিন্ডিকেট শনাক্ত হয়ে আটক হচ্ছে সদস্যরা এবং উদ্ধার হচ্ছে ইজিবাইক।
যশোর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার দৈনিক গ্রামের কাগজকে জানিয়েছেন, যশোরাঞ্চলে সক্রিয় সিন্ডিকেটগুলোর ডেরা একে একে শনাক্ত হচ্ছে। সিন্ডিকেট সদস্যরা চিহ্নিত হয়ে গেছে। সুনির্দিষ্ট তথ্যে যশোর জেলার ৮ উপজেলাসহ বাইরের জেলাতেও অভিযান চালানো হচ্ছে। যাত্রী সেজে চলা সংঘবদ্ধ ওই অপরাধী চক্রের আরো অনেককে খোঁজা হচ্ছে।

























