যশোরে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ব্যানারে কালোপতাকা মিছিল

যশোর সংবাদদাতা।।
আগস্ট মাস উপলক্ষে যশোর শহরে কার্যক্রমনিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কালো পতাকা মিছিল করার অভিযোগ উঠেছে। রোববার শহরের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে মোটরসাইকেল মিছিলটি বের হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের একদল নেতাকর্মীকে মোটরসাইকেলে কালো পতাকা নিয়ে শহরের নিউমার্কেট এলাকার দিক থেকে পালবাড়ির দিকে যেতে দেখা যায়। এ সময় মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন।
এদিকে, মিছিলের বিষয়ে কোতোয়ালি থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা। একদল যুবক একত্রিত হয়ে বিভিন্ন স্লোগান দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ পর্যালোচনা করে শোভাযাত্রায় অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।



















