যশোরে ডাকাত সন্দেহে পাঁচ যুবক কারাগারে

যশোর সংবাদদাতা।।
যশোর সদর উপজেলার বালিয়াডাঙা গ্রামে ডাকাত সন্দেহে গণপিটুনির শিকার পাঁচ যুবককে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) তাদের ১৫১ ধারায় আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
আটকরা হলেন ঝিকরগাছা উপজেলার বাইশা চাঁদপুর গ্রামের রাসেল, নাহিদ, নীরব, সুজন ও তানজিম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে একটি প্রাইভেটকার ও কয়েকটি মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি বালিয়াডাঙা গ্রামে এসে বিভিন্ন দিকে তল্লাশি শুরু করেন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের দুর্বৃত্ত বলে ধারণা করেন। এ সময় বালিয়াডাঙ্গা বিসিক এলাকা থেকে তাদের ধাওয়া করা হয়।
একপর্যায়ে মান্দারতলায় প্রাইভেটকারটি ফেলে তারা পালানোর চেষ্টা করলে স্থানীয়রা মালোপাড়া এলাকা থেকে চারজনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন এবং ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের কেউ কেউ ঘটনাস্থলে একজন নারীও ছিলেন বলে দাবি করলেও তাকে আটক করা সম্ভব হয়নি।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আটকদের দেওয়া বক্তব্যে অসংগতি ও রহস্য তৈরি হয়। তাদের একজন দাবি করেন, এক আদম ব্যবসায়ীর কাছে পাওনা টাকা নিতে তারা সেখানে গিয়েছিলেন। আরেকজন জানান, তাদের একজনের স্ত্রীকে নিতে তারা ওই এলাকায় এসেছিলেন, কিন্তু গ্রামবাসী তাদের ডাকাত বলে ভুল করেন। অন্য একজন বলেন, তিনি ঘটনার কিছুই জানেন না।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, প্রাথমিকভাবে তাদের ছিনতাইকারী চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত ডাকাতির কোনো সুনির্দিষ্ট আলামত পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় কেউ কোনো মামলা বা অভিযোগ দায়ের করেনি। আহতদের পুলিশি নিরাপত্তায় হাসপাতালে চিকিৎসা শেষে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি নিয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

















