যশোরে দুই আদালত এলাকায় ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

যশোর সংবাদদাতা।।
যশোরে দুই আদালত এলাকায় ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
যশোরে দুই আদালত এলাকায় ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
বৃহস্পতিবার রাত ৮টার দিকে যশোরে কয়েক সেকেন্ড ব্যবধানে পৃথক দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যশোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ ও সহকারী জজ আদালতের গেটসংলগ্ন দেয়ালের পাশে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটেছে ।
এদিকে, যশোরের আদালত ভবনের ফোটকের ককটেলের বিস্ফোরণ ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিল টি বের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এ সময় নেতৃবৃন্দ বলেন দেশের শান্তি পূর্ণ গণতান্ত্রিক পরিবেশকে নস্যাৎ করতে লুকিয়ে থাকা আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিত ভাবে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। বিদেশে পালিয়ে থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনা তার গুন্ডা বাহিনী দিয়ে বোমা ফাটিয়ে যশোরের শান্তি পূর্ণ পরিবেশকে নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। রাজনৈতিক ভাবে সন্ত্রাসীদের মোকাবেলা করার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ প্রশাসনের উদ্দেশ্য বলেন অবিলম্বে সন্ত্রাসীদের আটক করে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করুন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহবায়ক এম তমাল আহমেদ, সদস্য সচিব মোঃ আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহবায়ক মো. কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান প্রমুখ।
প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত দুর্বৃত্তরা রাত ৮ টার দিকে শহরের মুজিব সড়কে প্রেসক্লাব যশোরের সামনে সহকারী জজ আদালতের গেটসংলগ্ন দেয়ালের পাশে একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। অন্যদিকে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা জানান, প্যারিস রোডসংলগ্ন আদালতের সীমানাপ্রাচীরের বাইরে থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা একটি ককটেল আদালত প্রাঙ্গণে ছুড়ে মেরে পালিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) সাইফুল ইসলাম, যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেনসহ গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক দল। তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার বিষয়ে খোঁজখবর নেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি কবির হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।





















