যশোরে নয় মামলার আসামি কোরবানকে গণপিটুনি দিয়ে হাসপাতালে ভর্তি, অস্ত্র ও গুলি উদ্ধার

যশোর সংবাদদাতা।।
যশোরে নয়টি মামলার আসামি কোরবান আলী নামে এক যুবক গণপিটুনির শিকার হয়েছেন। স্থানীয়দের দাবি, তার কাছ থেকে একটি অস্ত্র এবং এক রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে। কোরবান আলী শহরতলীর শেখহাটি এলাকার বাবুর বাড়ির ভাড়াটিয়া মুজিবর রহমানের ছেলে।
ঘটনাটি ঘটেছে বুধবার (২৬ নভেম্বর) রাত পৌনে নয়টার দিকে শহরের খালধার রোডের আমিনিয়া আলিয়া মাদ্রাসার ভেতরে।
কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, রাত নয়টার দিকে সংবাদ পাওয়া যায় যে স্থানীয় লোকজন অস্ত্রসহ এক যুবককে আটক করে গণপিটুনি দিয়েছে। পুলিশ সেখানে গিয়ে অস্ত্র ও গুলি সহ কোরবান আলীকে আটক করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
কোতোয়ালি থানার এসআই মোফাজ্জল হোসেন জানিয়েছেন, সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং কোরবানকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুবায়ের আহমেদ বলেছেন, কোরবান আলীর দুই পায়ে প্রচণ্ড আঘাত লেগেছে। তার বাম পা ভেঙে যেতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।
এদিকে কোরবান আলী ভিন্ন কথা জানিয়েছেন। তিনি বলেন, তিনি ভাঙারি মালামালের ব্যবসা করেন। শেখহাটি হাইস্কুল মোড়ে তার একটি দোকান আছে। পাশের দোকানদার তুহিনের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তুহিনের সহযোগী রিয়াদ তাকে ডেকে আমিনিয়া আলিয়া মাদ্রাসার ভেতরে নিয়ে যায়। মাদ্রাসার গেট দিয়ে ঢুকতেই ৮–১০ জন তার ওপর চড়াও হয়। বাসের লাঠি ও লোহার রড দিয়ে তাকে বেধড়ক মারধর করে। অস্ত্র-গুলি কোথা থেকে এলো, তা তিনি জানেন না।
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত গ্রামের কাগজ–কে বলেন, ৯৯৯ নম্বরে কল পেয়ে তারা ঘটনাস্থলে যান। স্থানীয়রা অস্ত্রসহ কোরবান আলীকে পুলিশের কাছে হস্তান্তর করে। আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তিনি আরও জানান, পরে জানা যায় কোরবান আলীর বিরুদ্ধে পাঁচটি মাদক মামলাসহ মোট নয়টি মামলা রয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।





















