যশোরে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর মামলায় এজাহারভুক্ত পাঁচজন গ্রেপ্তার

যশোর প্রতিনিধি:
যশোরের বসুন্দিয়ায় স্থানীয় বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বসুন্দিয়া বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—যশোর শহরের তেঁতুলিয়া গ্রামের আবুল কাশেম (৫২), শংকরপুর জমাদারপাড়ার শাহাবুদ্দিন মোল্যা, ফুলবাড়ি পশ্চিমপাড়ার তোতা মৃধা, ঘুনি দোলনঘাটা গ্রামের মাহিম হাসান গাউস এবং রূপদিয়া বাজারের আসলাম হোসেন।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, গত ৬ জুন দিবাগত রাত দেড়টার দিকে জঙ্গলবাঁধাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে একদল লোক নাশকতার উদ্দেশ্যে জড়ো হয়েছে বলে তথ্য পায় পুলিশ। পরবর্তীতে স্থানীয় কয়েকজন বিএনপি নেতাকর্মীকে সঙ্গে নিয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে আকস্মিক পাশের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে চড়াও হয়। এ সময় তারা কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায় এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলাম ও স্থানীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিতের ছবি ভাঙচুর করে নষ্ট করে।
এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং আইনগত ব্যবস্থা হিসেবে গত ২৪ জুন কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, বসুন্দিয়া এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। রবিবার সকালে তাদের যশোর আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।






















