যশোরে বিজিবির অভিযানে কোটি টাকার স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাসহ মুম্বাইয়ের নাগরিক গ্রেপ্তার

যশোর প্রতিনিধি।।
যশোরে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকা মূল্যের গোল্ড পেস্ট ও বিভিন্ন দেশের মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তির নাম ওয়াজিদ আলী আমিন আহমেদ (৩১), তিনি ভারতের মুম্বাই শহরের বাসিন্দা।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার ভোর পাঁচটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ এলাকায় বাসটিতে তল্লাশি পরিচালনা করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে পেস্ট আকারে ৯০০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়, যা পরীক্ষায় বিশুদ্ধ বলে নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, আজারবাইজানের মানাত, ভারতীয় রুপি এবং বাংলাদেশি মুদ্রাও উদ্ধার করা হয়েছে। জব্দ হওয়া সব সম্পদের সম্মিলিত বাজারমূল্য প্রায় এক কোটি ৯৩ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ওয়াজিদ আলী নিয়মিত ভারত, মধ্যপ্রাচ্য ও মিশরে যাতায়াত করতেন। গ্রেপ্তারের সময় তার পরিকল্পনা ছিল দুবাই থেকে ঢাকা হয়ে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে ফিরে যাওয়া। জব্দকৃত স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা যশোর ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজিবি নিশ্চিত করেছে।




















