যশোরে ‘বোমা কাদের’ আটক

যশোর প্রতিনিধি: যশোর শহরের আলোচিত চিহ্নিত সন্ত্রাসী বোমা কাদেরকে আটক করেছে পুলিশ।গত বৃহস্পতিবার সন্ধ্যার পর শহরের রেল রোড এলাকায় সোনালী ব্যাংকের করপোরেট শাখার সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে থাকা একাধিক মামলা ও পুরোনো অভিযোগ এখন খতিয়ে দেখছে পুলিশ।
আব্দুল কাদের চাঁচড়া রায়পাড়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ওসি মাসুম খান বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় রেল রোড এলাকায় অভিযান চালিয়ে আব্দুল কাদেরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থাকা পুরোনো মামলা ও অভিযোগের তথ্য যাচাই করা হচ্ছে। একই সঙ্গে তার বর্তমান কর্মকাণ্ড ও সংশ্লিষ্টতার বিষয়ও তদন্ত করা হচ্ছে।
পুলিশের দাবি, বিগত সরকারের সময়ে আব্দুল কাদেরের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ ছিল। স্থানীয়ভাবে তিনি ‘বোমা কাদের’ নামে পরিচিত।
ওসি মাসুম খান জানান, তদন্তে পাওয়া তথ্য ও তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



















