যশোরে ২৪ ঘণ্টায় ১২ জনের ডেঙ্গু শনাক্ত

যশোরে অপরিবর্তিত রয়েছে ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ১২ জন ডেঙ্গু শনাক্ত হয়েছেন। পূর্বের মতোই আক্রান্তের শীর্ষে অভয়নগর উপজেলা। এখনই সচেতেন না হলে ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে মনে করছে জেলা স্বাস্থ্য বিভাগ। একইসাথে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে যশোর জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেগুলো।
স্বাস্থ্য বিভাগ বলছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। বতর্মানে জেলায় ৩৮ জন চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে যশোর জেনারেল হাসপাতালে ৭, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০, বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ ও শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন চিকিৎসাধীন রয়েছেন। এদিনে সুস্থ হয়েছেন ২৬ জন। চলতি বছরে আক্রান্ত হয়েছেন দুইশ’ ৮৫ জন। সুস্থ হয়েছেন দুইশ’ ৪৫ জন ও মৃত্যু হয়েছে দুইজনের।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হারুন অর রশিদ জানান, সাধারণত আগস্ট ও সেপ্টেম্বর মাসে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয় মানুষ। কিন্তু এ বছর রোগী কম রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে আগামীতে এর সংখ্যা বৃদ্ধি পেতে পারে। ইতিমধ্যে হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। পর্যাপ্ত ডেঙ্গু শনাক্তকরণ কিট ও ওষুধ পর্যাপ্ত মুজুদ রয়েছে। আতঙ্কিত না হয়ে জ্বর জ্বর ভাব হলেই হাসপাতালে ভর্তি হাবার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।
সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান জানান, জেলা হাসপাতাল থেকে শুরু করে সকল উপজেলা হাসপাতাল গুলোকে ডেঙ্গু কর্নার প্রস্তুত রাখতে নির্দেশ দেয়া হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় জেলা স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে। তাই আতঙ্কিত না হয়ে এডিস মশা নিয়ন্ত্রণে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

























