যশোর জেনারেল হাসপাতাল থেকে রোগী ভাগানোর সময় দুই দালাল আটক

যশোর প্রতিনিধি:
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেওয়ার সময় আবিদ হাসান ও মারুফ হোসেন নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে হাসপাতালের সিসিইউ (করোনারি কেয়ার ইউনিট) এলাকা থেকে তাদের আটক করা হয়।
অভিযোগ রয়েছে, সম্প্রতি হাতবদলের পর বিতর্কিত ‘লাইফ কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’-এর নতুন মালিক ফজলুর রহমান একটি দালাল সিন্ডিকেট সক্রিয় করেছেন। এই চক্রের সদস্যরা যশোর জেনারেল হাসপাতালের বহির্বিভাগের বিভিন্ন কক্ষের কথা বলে রোগীদের ভুল বুঝিয়ে কৌশলে ওই ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান। সেখানে অজ্ঞাত পরিচয়ের চিকিৎসক দেখিয়ে অতিরিক্ত ফি ও অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার নামে রোগীদের সঙ্গে প্রতারণা করা হয় বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের দীর্ঘদিনের নজরদারির মুখে আজ সকালে হাসপাতালের সিসিইউর সামনে থেকে আবিদ ও মারুফকে রোগী ভাগানোর সময় হাতেনাতে আটক করা হয়। পরে যশোর জেনারেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যান।



















