যশোর রেলস্টেশনে বিশৃঙ্খলার দায়ে দুই যুবকের কারাদণ্ড

যশোর প্রতিনিধি।।
যশোর রেলস্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা ও গভীর রাতে উচ্চস্বরে হইচই করে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে দুই যুবককে পৃথক মামলায় কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আছাদুল ইসলাম পৃথক দুটি মামলায় এ সাজা দেন।
আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে রেলস্টেশনের প্ল্যাটফর্মে অকারণে ঘোরাফেরার সময় সাকিব হাসান (১৯) নামে এক যুবককে আটক করে রেলওয়ে পুলিশ। ঘোরাফেরার বিষয়ে সন্তোষজনক কারণ জানাতে না পারায় তাকে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে, সোমবার দিবাগত রাত ১টার দিকে রেলস্টেশন বাজার এলাকায় উচ্চস্বরে চিৎকার ও হট্টগোল করে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানোর অভিযোগে ইমন হীরা নামে আরেক যুবককে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। পরে আদালতে হাজির করা হলে তাকে পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
আদালতের পৃথক আদেশে দুজনকেই সংশ্লিষ্ট মামলায় কারাদণ্ড ভোগ করতে পাঠানো হয়েছে।























