যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের: বন্দর ও জাহাজ ইস্যুতে উত্তেজনা বৃদ্ধি

অনলাইন ডেস্ক :
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইরানের বন্দর ও জাহাজ নিয়ে যেকোনো ধরনের হুমকি তাদের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে তিনি এই বার্তা দেন বলে জানিয়েছে তাসনিম নিউজ।
আরাগচি বলেন, ওয়াশিংটনের অযৌক্তিক দাবি এবং ইরানি জাহাজ ও বন্দরকে লক্ষ্য করে হুমকি দেওয়া—এসবই চলমান উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্রের আন্তরিকতার অভাব নির্দেশ করে। তার মতে, এই ধরনের পদক্ষেপ যুদ্ধবিরতি বা কূটনৈতিক সমাধানের পথে বাধা সৃষ্টি করছে।
তিনি আরও স্পষ্ট করে জানান, ইরানের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় তেহরান কোনো ছাড় দেবে না এবং প্রয়োজনে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে।
এর আগে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালি এলাকায় একটি ইরানি পতাকাবাহী জাহাজকে আটক করেছে মার্কিন নৌবাহিনী। তিনি তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে প্রবেশের চেষ্টা করায় জাহাজটিকে হেফাজতে নেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ জলপথকে ঘিরে সাম্প্রতিক ঘটনাগুলো নতুন করে আঞ্চলিক উত্তেজনা বাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: আল জাজিরা




















