রাতেই দেশ ছাড়বে ক্রিকেটাররা

আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে চ্যাম্পিয়নস ট্রফির। টুর্নামেন্টে অংশ নিতে সপ্তাহখানেক আগেই দেশ ছাড়ছে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়বে টাইগাররা।
মূল টুর্নামেন্ট শুরুর আগে আগামী ১৭ ফেব্রুয়ারি একটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। দেশ ছাড়ার আগে বুধবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আনুষ্ঠানিক ফটোসেশন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখানে অংশ নেন ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সকল সদস্য।
এরপর সংবাদ সম্মেলনে চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। ৮ দলই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার, কোয়ালিটি টিম। আমাদের দলের ওই সামর্থ্য আছে আমি বিশ্বাস করি। বাড়তি চাপ কেউ অনুভব করবে না। সবাই এটাই (চ্যাম্পিয়ন হতে) চায় মনেপ্রাণে, বিশ্বাস করে নিজেদের সামর্থ্য আছে।
আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির নবম আসর শুরু করবে বাংলাদেশ। এ ছাড়া ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে শান্তরা।

























