রিজওয়ান-সালমানের জোড়া সেঞ্চুরিতে রেকর্ড গড়ে জিতল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক।।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অবিশ্বাস্য এক জয় তুলে নিল পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলীর রেকর্ড গড়া জুটিতেভর করে রেকর্ড রান তাড়া করে জয় পেয়েছে পাকিস্তান।
বুধবার (১২ ফেব্রুয়ারি) করাচির ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দক্ষিণ আফ্রিকার দেয়া ৩৫২ রানের বিশাল লক্ষ্য ছয় বল ও ছয় উইকেট হাতে রেখেই টপকে যায় পাকিস্তান। এটি ওয়ানডেতে রান তাড়ায় পাকিস্তানের সবচেয়ে বড় জয়।
৩৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তান ৯১ রানে তৃতীয় উইকেট হারায়। তখনই দলের হাল ধরেন রিজওয়ান ও সালমান। চতুর্থ উইকেটে তারা গড়েন ২৬০ রানের জুটি, যা পাকিস্তানের ওয়ানডে ইতিহাসে যে কোনো উইকেটে রেকর্ড পার্টনারশিপ।
পাকিস্তানের বিপক্ষে বিরল রেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার
ম্যাচের ৪৩তম ওভারে উইয়ান মুল্ডারের বলে মিডউইকেট বাউন্ডারি দিয়ে ছক্কা হাঁকিয়ে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন রিজওয়ান। অন্যপ্রান্তে থাকা সালমান তখন রিজওয়ানের সাফল্যে উচ্ছ্বাসে ফেটে পড়েন। এর পর একই ওভারের পঞ্চম বলে এক রান নিয়ে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতক তুলে নেন সালমান। এবার রিজওয়ানই তাকে অভিবাদন জানান।
বিশ্বকাপ ২০২৩-এ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর ওয়ানডেতে এটি রিজওয়ানের প্রথম সেঞ্চুরি। অন্যদিকে, ৩১তম ওয়ানডে খেলতে নেমে প্রথম শতকের স্বাদ পেলেন সালমান।
এই জয়ের ফলে পাকিস্তান ওয়ানডে ইতিহাসে আরেকটি রেকর্ড গড়ল। এত বড় লক্ষ্য তাড়া করে জেতার ঘটনা পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে আগে কখনো ঘটেনি। দুর্দান্ত এই পারফরম্যান্সে উচ্ছ্বসিত পাকিস্তানের ক্রিকেটভক্তরা, আরেকটি সোনালী জয়ের সাক্ষী হয়ে থাকল করাচির ন্যাশনাল স্টেডিয়াম।

























