লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা, নিহত ২

লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ডে রকেট হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।এই হামলায় অন্তত ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
ইসরায়েলের জরুরি সেবা থেকে জানানো হয়, লেবানন থেকে ছোড়া রকেট হাইফার একটি জলপাই বাগানে আঘাত আনে। এখন পর্যন্ত হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের সাতজন নিহত হয়েছে বলে জানিয়েছে তারা।
গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী। সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৯০ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক।
গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে একাধিকবার লেবানন সীমান্তে সহিংসতার ঘটনা ঘটেছে। দুই দেশই সীমান্ত থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে। লেবাননের উত্তরাঞ্চলীয় সীমান্তের নিয়ন্ত্রণ হিজবুল্লাহর কাছে। ইসরায়েলের সঙ্গে সংঘাতে এখন পর্যন্ত শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন। তবে এখন সীমান্তবর্তী এলাকা ছাপিয়ে এবার পরস্পরের সীমান্ত থেকে মূল ভূখণ্ডের বেশ ভেতরে হামলা চালানো শুরু করেছে দুই দেশ। স্থল অভিযানও শুরু করেছে ইসরায়েল। এতে করে ক্রমেই বেড়ে চলছে নিহতের সংখ্যা।


























