শার্শায় বাবার হাতে ছেলে খুন

যশোরের শার্শা উপজেলার কাঠুরিয়া গ্রামে বাবার কোদালের আঘাতে আহত ছেলে হাফেজ বাপ্পি মিয়া (২৫) চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। গত শুক্রবার দুপুরে উপজেলার কাঠুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাপ্পি মিয়া ওই গ্রামের চান্দু মিয়ার ছেলে। নিহতের চাচা আক্তারুজ্জামান বলেন, ঘটনার দিন শুক্রবার বাবা ছেলের কাছে হাতখরচের টাকা চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।বাকবিতন্ডার এক পর্যায়ে বাবা চান্দু মিয়া বাড়ির উঠানে থাকা কোদালের আছাড় দিয়ে বাপ্পির মাথায় এলোপাতাড়ি আঘাত করেন।এসময় ছেলে গুরুতর আহত হলে স্বজনরা তাকে উদ্ধার করে যশোর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এরপর স্বজনরা তাকে ঢাকায় নিয়ে যায়। ঢাকার মহাখালির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বাপ্পির মৃত্যু হয়। নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। মামলা প্রক্রিয়াধীন।।






















