শেফিল্ডে যোগ দিলেন হামজা

লেস্টার সিটিতে হামজা চৌধুরীর চুক্তির মেয়াদ এখনও আড়াই বছর রয়েছে। তবে চলতি মৌসুমে খুব একটা দলে সুযোগ পাচ্ছেন না তিনি। মাত্র ছয়টি ম্যাচে মাঠে নেমেছেন এবার। লেস্টারের বর্তমান কোচ রুদ ফন নিস্তেলরুইর পরিকল্পনায় খুব একটা থাকছেন না হামজা। সে কারণে তাকে দ্বিতীয় বিভাগের দল শেফিল্ড ইউনাইটেডে ধারে খেলতে পাঠাচ্ছে লেস্টার সিটি। মঙ্গলবার লেস্টার থেকে আনুষ্ঠানিকভাবে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন হামজা চৌধুরী।
ইংলিশ প্রিমিয়ার লিগে জায়গা করে নিতে চেষ্টা করছে শেফিল্ড। সেক্ষেত্রে দলটির হয়ে নিয়মিত একাদশে সুযোগ পাবেন হামজা। যেটার তার ও বাংলাদেশের জন্য সুখবরই বটে। এর আগে ২০২২-২৩ মৌসুমেও একবার ধারে খেলেছিলেন হামজা। সেবার তার পারফরম্যান্স মনে ধরেছিল শেফিল্ডের কোচ ক্রিস উইল্ডারের। তাইতো এবার হামজাকে প্রশংসায় ভাসাতে কার্পণ্য করেননি তিনি।
শেফিল্ডে যোগ দেওয়া বিষয়ে হামজা বলেছেন, শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে পেরে আমি আনন্দিত। গেল কয়েক সপ্তাহ ধরেই আমাদের মধ্যে আলাপ-আলোচনা হচ্ছিল। এখন আমি দলটির হয়ে অবদান রাখতে প্রস্তুত। লিগে কোন অবস্থানে আছে শেফিল্ড সেটা আমি জানি। আমি তাদের আরও বড় কিছু অর্জন করতে সহযোগিতা করতে চাই।

























