সজনেগাছের ডাল কেটে বিদ্যুৎস্পৃষ্ট, কার্পাসডাঙ্গায় ৯০ বছরের বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু”

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হযরত মালিতা (৯০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হযরত মালিতা আরামডাঙ্গা গ্রামের বাসিন্দা আজাদ মালিতার ছেলে । এলাকাবাসী জানান, তিনি ছিলেন অত্যন্ত সাদাসিধে, ধর্মপ্রাণ এবং পরোপকারী একজন মানুষ। বার্ধক্যজনিত দুর্বলতা থাকা সত্ত্বেও তিনি নিজের কাজ নিজেই করতে পছন্দ করতেন।
ঘটনার দিন বিকেলে তিনি নিজ বাড়ির পাশে সজনেগাছের শুকনো ডাল কাটতে উঠেছিলেন। এই সময় অসাবধানতাবশত গাছের পাশে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি তাতে বিদ্যুৎস্পৃষ্ট হন। মুহূর্তেই জ্ঞান হারিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। গাছের ডাল কাটার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পর্শ করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে, তবে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
হযরত মালিতার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, তিনি ছিলেন একজন পরোপকারী এবং নিরীহ মানুষ। তার আকস্মিক মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।।





















