সমতায় ফিরেছে বাংলাদেশ

দুই টেস্টের সিরিজ ১-১ সমতা।এর আগে সিলেটে প্রথম টেস্টে তিন উইকেটের জয় পায় সফরকারী জিম্বাবুয়ে। চট্টগ্রাম টেস্ট জয়ে শুধু মিরাজের অবদানই বেশি তা নয়। দুই ইনিংস মিলিয়ে নয় উইকেট নেওয়া তাইজুল ইসলামের অবদানও অনবদ্য। প্রথম ইনিংসে ছয় উইকেটের পর দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার। সঙ্গে অবদান রেখেছেন সেঞ্চুরিয়ান সাদমান ইসলামও।
বুধবার বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল জিম্বাবুয়ে। রান শোধের সেই চাপ নিয়ে খেলতে নেমে বিপদে পড়ে জিম্বাবুয়ে।
দলীয় স্কোর আট না পেরোতেই যে দুই ব্যাটারকে হারিয়ে বসে তারা। ইনিংসের সপ্তম ওভারে জোড়া ধাক্কাটা দেন তাইজুল ইসলাম। কিছুক্ষণ পরেই তার সঙ্গে উইকেট উদযাপনে যোগ দেন নাঈম হাসান। এতে প্রতিপক্ষের দলীয় স্কোর দাঁড়ায় তিন উইকেট ২২। সেখান থেকে ৪৭ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামলান বেন কারান-ক্রেইগ আরভিন।
তবে অধিনায়ক আরভিনকে ২৫ রানে আউট করে ক্যারিয়ারের ১৩ বারের মতো ৫ উইকেট নেওয়ার কীর্তির শুরুটা করেন মিরাজ। একে একে পরে আরও চার উইকেট নিয়ে জিম্বাবুয়ের ব্যাটিং অর্ডারই ধসিয়ে দেন তিনি। তবে জিম্বাবুয়ের শেষটা হয় রান আউটের শিকার হয়ে। ভিনসেন্ট মাসেকেসাকে রান আউট করে বাংলাদেশের উদযাপনের আনন্দটা এনে দেন মমিনুল হক। এতে জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস ১১১ রানে থামে।
এর আগে বাংলাদেশের প্রথম ইনিংস থামে ৪৪৪ রানে। বাংলাদেশের হয়ে জোড়া সেঞ্চুরি হাঁকান সাদমান ইসলাম ও মিরাজ। দীর্ঘ চার বছর পর ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পেয়েছেন এই দুই ব্যাটার।

























