সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে বিস্ফোরণ ও ভাঙচুর

অনলাইন ডেস্ক।।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরা শহরের বাড়িতে বিস্ফোরক সদৃশ্য বস্তু নিক্ষেপ ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। বুধবার (৫ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে শহরের কেশবমোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, অজ্ঞাত পরিচয়ের কয়েকজন দুর্বৃত্ত বাড়ির দক্ষিণ পাশের লোহার গেট লক্ষ্য করে বিস্ফোরকসদৃশ একটি বস্তু ছুড়ে মারে। বিকট শব্দে সেটি বিস্ফোরিত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
খবর পেয়ে রাত সোয়া ৯টার দিকে মাগুরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাড়ি ও আশপাশের এলাকা পরিদর্শন করে। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের চেষ্টা করছে এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, গেটে যে বস্তুটি নিক্ষেপ করা হয়েছে, সেটি পেট্রোল বোমা ছিল কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিশেষজ্ঞদের মতামত ও তদন্তের পর নিক্ষিপ্ত বস্তুর প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের উদ্দেশ্য ও জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে। একই সঙ্গে এলাকায় অতিরিক্ত সতর্কতাম‚লক ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, একই দিন দিল্লিতে আয়োজিত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে অনলাইনে অংশ নেন সাকিব আল হাসান।
২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন সাবেক সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনা ঘটলেও, সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে এ ধরনের অভিযোগ এই প্রথম সামনে এলো।
























