সাত মাস বয়সী মেয়েকে আছড়ে হত্যা মামলায় বাবাকে গ্রেপ্তার দেখানোর আবেদন

অনলাইন ডেস্ক।।
ঢাকার উত্তরার সিরাজ মার্কেট এলাকায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে সাত মাসের মেয়েকে আছড়ে হত্যা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে পুলিশ।আজ শনিবার মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান ফয়সাল এই আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার মঙ্গলবার আসামির উপস্থিতিতে এ সংক্রান্তে শুনানির দিন ধার্য করেছেন।
সাত মাস বয়সী রাফা মনি কবিতাকে গত বুধবার সন্ধ্যায় আছড়ে হত্যা করেন বাবা কবির ইসলাম। ঘটনার পর সাধারণ জনতা কবির ইসলামকে পুলিশের হাতে সোপর্দ করে। পরদিন ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করে তুরাগ থানা পুলিশ। সেদিন আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
গত বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাফা মনি। শিশুটিকে হত্যার ঘটনায় শুক্রবার তুরাগ থানায় কবিরকে আসামি করে মামলা করেন শিশুটির নানি সারমীন আক্তার। এরপর তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করল পুলিশ।
মামলার বিবরণ থেকে জানা যায়, দুই বছর আগে কবিরের সঙ্গে লিমা আক্তারের বিয়ে হয়। তাদের ঘরে রাফা মনি জন্মগ্রহণ করে। কবির রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তিনি দীর্ঘ ধরে মাদকাসক্ত। কবির মাদক সেবন করে প্রায়ই লিমাকে মারধর ও গালিগালাজ করতেন। বাবা অসুস্থ হওয়ায় মেয়েকে নিয়ে বৃহস্পতিবার বাবাকে দেখতে বালুরমাঠ হারুন মোল্লার বস্তির বাসায় যান লিমা। সন্ধ্যা ৭টার দিকে পারিবারিক বিষয় নিয়ে কবিরের সঙ্গে লিমার কথা কাটাকাটি ও ঝগড়া হয়। কবির ক্ষিপ্ত হয়ে রাফা মনিকে তার নানির কোল থেকে ছিনিয়ে নিয়ে মাথার ওপর উঠিয়ে রাস্তায় আছাড় মারেন। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে রাফা মনির মৃত্যু হয়।





















