সাফ চ্যাম্পিয়নদের ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা আসিফের

টানা দ্বিতীয়বারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশের নারীরা। বাংলাদেশকে বিশাল এই অর্জন এনে দেওয়ায় চ্যাম্পিয়ন দলকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ বৃহস্পতিবার বেলা ২ টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বাংলাদেশ দল। শিরোপাজয়ীদের বরণ করতে আগে থেকেই প্রস্তুত করে রাখা হয়েছিল সুসজ্জিত ছাদ খোলা বাস। বিকেল সাড়ে তিনটার পরপরই সাবিনাদের বহন করা ছাদখোলা বাসটি বাফুফের উদ্দেশে রওনা হয়। এরপর সন্ধ্যা সাতটার দিকে মতিঝিলে অবস্থিত বাফুফে ভবনে পৌঁছায় সাবিনাদের বহনকারী বাসটি।

আগে থেকেই বাফুফে ভবনে অবস্থান করছিলেন আসিফ মাহমুদ। বাফুফেতে বাংলাদেশ দলের সঙ্গে দেখা করে সংবাদ সম্মেলনে আসেন ক্রীড়া উপদেষ্টা। সেখানেই অর্থ পুরস্কারের ঘোষণা দেন তিনি। এছাড়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কখন দলটির সঙ্গে দেখা করবেন সেই সময়সূচিও জানিয়ে দেন তিনি।
আসিফ বলেন, ‘আপনারা জানেন গতকাল বাংলাদেশ দল টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। দেশে ফেরার পর তাদেরকে সংবর্ধনাত দিতে আমি বাফুফেতে এসেছি। প্রধান উপদেষ্টাও (ড. ইউনূস) তাদের অর্জনে অভিনন্দন জানিয়েছেন। আগামী শনিবার বেলা ১১টায় নারী ফুটবল দলকে দাওয়াত করেছেন তিনি। এই জাতীয় ও আন্তর্জাতিক অর্জন বিজয় উপহার দেওয়ার জন্য ক্রীড়া মন্ত্রণালয় থেকে নারী ফুটবল দলকে ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা করছি।
—ছাদখোলা বাসে বাংলাদেশ দল। ছবি: সানজিদার ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া
ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, ‘দেশবাসী যেভাবে তাদেরকে বরণ করেছে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। নারীদের ক্রীড়াক্ষেত্রে কিছু অভিযোগ আছে, বেতন বৈষম্য… সেই বিষয়ে বিসিবি ও বাফুফের সঙ্গে কথা বলেছি। সেই বিষয়ে দ্রুতই সমাধান করবো। বাংলাদেশের নারীরা যেভাবে আন্তর্জাতিক ট্রফি ছিনিয়ে এনেছে, আরও ট্রফি ছিনিয়ে আনতে পারব বলে আশাবাদী।’
গতকাল বুধবার রাতে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামকে ২-১ গোলে হারিয়ে শিরোপার উচ্ছ্বাসে মাতে বাংলাদেশ। স্তব্ধ হয়ে যায় ১৫ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামটি। বাংলাদেশের গোল দুইটি করেন মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা। টুর্নামেন্টজুড়ে দারুণ পারফরম্যান্সের সেরা খেলোয়াড় হন ঋতুপর্ণা। এছাড়া গোলবারের নিচে নিপুণ দক্ষতার জন্য রুপনা চাকমা হয়েছেন সেরা গোলরক্ষক।

























