সাভারে মসজিদের মাঠে প্রেসার কুকার বোমা উদ্ধার, আতঙ্ক

অনলাইন ডেস্ক।।
ঢাকার সাভারে এবার একটি মসজিদের মাঠ থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে সাধাপুর গোপের বাড়ী লালটেক ঘোড়া মসজিদের মাঠ থেকে সন্দেহজনক অবস্থায় থাকা একটি প্রেসার কুকার উদ্ধার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, স্থানীয় বাসিন্দারা মসজিদের মাঠে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রামের মধ্যে কাপড়চোপড়, কোরআন শরীফসহ একটি প্রেসার কুকার দেখতে পান। প্রাথমিকভাবে জানা গেছে, অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি রাতে ড্রামটি সেখানে রেখে যায়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, ঘটনাস্থলে থাকা সন্দেহজনক বস্তু পরীক্ষা ও নিষ্ক্রিয় করার জন্য বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
প্রেসার কুকার বোমা সাধারণত প্রেসার কুকারের ভেতরে বিস্ফোরক উপাদান রেখে তৈরি করা একটি হাতে তৈরি বিস্ফোরক ডিভাইস। তবে উদ্ধার হওয়া বস্তুটির প্রকৃতি ও এর সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।
প্রসঙ্গত, এর আগে গত ৩০ জুলাই সাভারের আশুলিয়ায় একটি মুদিদোকানে ফেলে যাওয়া ট্রাভেল ব্যাগ থেকে বিশেষ কায়দায় তৈরি একটি প্রেশার কুকার বোমা উদ্ধার করে পুলিশ। পরে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোমা নিষ্ক্রিয়কারী দল সেটি নিরাপদে নিষ্ক্রিয় করে।
সেই সূত্র ধরে ঘটনায় তদন্তে নেমে দুজনকে শনাক্ত করে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।গত মঙ্গলবার রাতে সাভারের দক্ষিণ শ্যামপুরে অভিযানে চালিয়ে সন্ধান মেলে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর আস্তানা। সেখান থেকে আরিফ নামে একজনকে আটক করা হলেও হোতা বোমারু মামুন নাজমুল হাসান ওরফে বোমারু মামুনকে ধরা যায়নি এখনো।
ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীন জানান, প্রেসার কুকার বোমার সূত্র ধরে সাভারে জঙ্গি আস্তানার সন্ধান মিলেছে। সর্বশেষ সাধাপুর গোপের বাড়ী লালটেক ঘোড়া মসজিদের মাঠে
পাওয়া প্রেসার কুকার বোমার সঙ্গে এর সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।





















