সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

অনলাইন ডেস্ক।।
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে সিলেট থেকে ছেড়ে আসা একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে আখাউড়া-সিলেট রেললাইনের লাউয়াছড়া উদ্যানের ২৯৪/৮ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌড়প্রসাদ দাশ পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনা কবলিত তেলবাহী ৯৬২ নম্বর ট্রেনটিতে থাকা আরএনবি গোয়েন্দা পরাগ বকুল দাস বলেন, ‘সকালে সিলেট থেকে ট্রেন ছেড়ে আসার পর বিকেলে লাউয়াছড়া উদ্যানের প্রবেশের পর হঠাৎ করে আমরা ধোয়া দেখতে পাই। পরে তাৎক্ষণিক বিষয়টি লোকোমাস্টারকে জানালে তিনি ট্রেন থামান। পরে দেখা যায় ট্রেনের একটি ওয়াগনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। ট্রেনে কোনো তেল ছিল না।’
ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌড়প্রসাদ দাশ পলাশ বলেন, ‘বর্তমানে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। লাইনচ্যুত হওয়া ওয়াগন উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’



















