সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে বাংলাদেশের যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মো. ইব্রাহিম বাবু (৩২) নামের এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটে বুধবার দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে গালার মাঠ এলাকায়, যেখানে তিনি গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন।
নিহতের বাবা মো. নুর ইসলাম জানান, ইব্রাহিম বাবু প্রতিবেশী আরও কয়েকজনের সঙ্গে সীমান্তের নিকটবর্তী এলাকায় যান। এ সময় ভারতের নদীয়া জেলার গেদে ক্যাম্পের বিএসএফ সদস্যরা ৭৯ নম্বর পিলারের আশপাশে গুলি চালালে বাবু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
পরবর্তীতে তার মরদেহ ভারতীয় সীমান্ত বাহিনীর সদস্যরা তাদের এলাকায় নিয়ে যায় বলে অভিযোগ করেন নিহতের পরিবার।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ তিতুমীর জানান, নিহতের পরিবারের সঙ্গে কথা বলার পর ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে।
এদিকে, চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান গণমাধ্যমকে জানান, “বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা একটি স্বর্ণ চোরাচালানকারী চক্রকে ধাওয়া করছিল। এ সময় গুলিতে একজন আহত হয়। তবে নিহত ব্যক্তি চোরাকারবারির সঙ্গে সম্পৃক্ত কিনা, সে বিষয়ে আমরা নিশ্চিত নই।”
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে ভারতের বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।





















