স্কুল থেকে বাড়ি ফেরা হলো না আছিয়ার

নড়াইলে স্কুল ছুটির পর বাড়িতে ফেরা হলো না শিশু আছিয়ার। রাস্তা পার হতে গিয়ে সে (৭) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার দুপুরে নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের সার্কেলডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আছিয়া খানম নড়াইল সদর উপজেলার সার্কেলডাঙ্গা গ্রামের ফারুক মোল্যার মেয়ে। সে সার্কেলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
পুলিশ জানিয়েছে, বুধবার দুপুর ১২টার দিকে স্কুল ছুটির পর বাড়িতে ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে আছিয়া গুরুতর আহত হলে মোটরসাইকেল চালক তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, আইনগত প্রক্রিয়া শেষে শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



















