স্পেনের ক্লাব কিনছেন মেসি

খেলাধুলা ডেস্ক।।
ফুটবল মাঠে অসাধারণ নৈপুণ্যে বিশ্ব শাসন করার পর এবার ফুটবল ক্লাবের মালিকানায় আরও বড় পদক্ষেপ নিতে যাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব সিডি এলদেনসের মালিকানা নিতে যাচ্ছেন বিশ্বকাপজয়ী এই তারকা।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, স্প্যানিশ সংবাদমাধ্যমের সূত্র ধরে জানা গেছে, এলদেনসের সংখ্যাগরিষ্ঠ মালিক ‘থি সলুসিওনেস গ্রুপ এসএএস’-এর কাছ থেকে ক্লাবটির সব শেয়ার কেনার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছেন মেসি। আগামী কয়েক দিনের মধ্যেই চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
তবে মালিকানা হস্তান্তরের পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে স্পেনের হাই কাউন্সিল ফর স্পোর্টসের (সিএসডি) আনুষ্ঠানিক অনুমোদন প্রয়োজন হবে।
ফুটবলার হিসেবে বিশ্বজুড়ে খ্যাতির পাশাপাশি ব্যবসায়ী ও ক্লাব মালিক হিসেবেও মেসি ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করছেন। এর আগে গত ১৬ এপ্রিল স্পেনের পঞ্চম স্তরের ক্লাব ইউই করনেল্লার পূর্ণ মালিকানা নিজের নামে নিয়েছেন তিনি।
এ ছাড়া ইন্টার মিয়ামির সঙ্গে খেলোয়াড় হিসেবে চুক্তি শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাবটির মালিকানায় অংশীদার হওয়ার সম্ভাবনাও রয়েছে মেসির।
স্পেনের আলিকান্তে প্রদেশের প্রায় ৫৫ হাজার জনসংখ্যার শহর এলদায় অবস্থিত সিডি এলদেনসে। শত বছরেরও বেশি পুরোনো ক্লাবটি দীর্ঘ সময় স্পেনের নিচের সারির লিগগুলোতেই খেলেছে।
তবে সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক বিনিয়োগের প্রভাবে ক্লাবটির উত্থান ঘটে। গত চার মৌসুমের মধ্যে তিন মৌসুমেই স্পেনের দ্বিতীয় স্তরের প্রতিযোগিতা লা লিগা ২-এ খেলেছে এলদেনসে।
তবে চলতি মৌসুমের শুরুটা ভালো হয়নি দলটির। প্রথম চার ম্যাচে মাত্র দুই পয়েন্ট সংগ্রহ করেছে তারা। এমন হতাশাজনক পারফরম্যান্সের পর গত রোববার কোচ ক্লদিও বাররাগানকে বরখাস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ।
























