হামজার অন্তর্ভুক্তিতে দলে শক্তি বেড়েছে: জামাল

আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। এরই মধ্যে এই ম্যাচের জন্য ৩৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন কোচ হাভিয়ের কাবরেরা। প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন শেফিল্ড ইউনাইটেডের ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী। তার অন্তর্ভুক্তিতে দলের শক্তি বেড়েছে বলে মনে করেন অধিনায়ক জামাল ভূঁইয়া।
ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে জয় তুলে নিতে চান জামাল। তবে ভারতের মাটিতে খেলা হওয়ায় বাংলাদেশের জয়ের সম্ভাবনা ফিফটি-ফিফটি বলে মনে করেন তিনি। তবে সমর্থকদের চাওয়া অনুযায়ী ভারত থেকে জয় নিয়ে ফিরতে চান তিনি।
গণমাধ্যমকে জামাল বলেন, ‘মানুষ আমাকে বলছে, ভারতের সঙ্গে জিততে হবে। আমি এটা পার্সোনালি নিয়েছি। আমি তো ভারতের সঙ্গে হারতে চাই না, জিততে চাই। ভারতের মাটিতে খেলা। আশা করি আমরা ভালো করব।
জামাল বলেন, হামজার অন্তর্ভুক্তির পর এটা এখন সেরা দল। আপনারাও, আমরাও হামজার জন্য অপেক্ষা করছি। উনি অবশ্য আমাদের সঙ্গে ক্যাম্পে থাকবেন না। অনেক দেরিতে যুক্ত হবেন।
এদিকে, দীর্ঘদিন পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় পর্ব দিয়ে আবারো মাঠে ফিরতে যাচ্ছেন জামাল। ব্রাদার্সে যুক্ত হয়ে নিজের সেরাটা দিতে চান এই মিডফিল্ডার।

























