১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন

অনলাইন ডেস্ক।।
দিন বন্ধ থাকার পর আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য আবারও খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৬ সালের ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত দ্বীপটিতে পর্যটক ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে। এ সময়ে প্রতিদিন সর্বোচ্চ সাড়ে ৩ হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন।
রোববার (২৫ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। আদেশ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে পর্যটকেরা কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণের পাশাপাশি সেখানে অবস্থানও করতে পারবেন।
এর আগে সাম্প্রতিক বছরগুলোতে অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ ২ হাজার পর্যটককে সেন্টমার্টিন ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছিল। এবার পর্যটকের দৈনিক সংখ্যা বাড়িয়ে সাড়ে ৩ হাজার নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি রোববার অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের সভায় দ্বীপে পর্যটকদের রাত্রিযাপনের ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
আগের বছরের মতো এবারও কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে পর্যটকবাহী জাহাজ চলাচল করবে। তবে দ্বীপের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে প্রত্যেক পর্যটককে অতিরিক্ত ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হবে।
সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণের সময়সীমা বাড়ানো এবং রাত্রিযাপনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রত্যাশা, নতুন সিদ্ধান্তের ফলে দ্বীপের পর্যটন ব্যবসা ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
এর আগে গত ১২ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আওয়াল মিন্টুর সভাপতিত্বে এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সিদ্ধান্তের মাধ্যমে পর্যটন কার্যক্রম চালু রাখার পাশাপাশি সেন্টমার্টিনের পরিবেশ সংরক্ষণের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।


















