৬ দফা দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, জামায়াতের প্রস্তুতি সভা

অনলাইন ডেস্ক।।
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধসহ ছয় দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে প্রস্তুতিমূলক সভা করেছে জামায়াতে ইসলামী।
রোববার (৩০ আগস্ট) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এবং সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনা দেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা, জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৈঠকে ৫ সেপ্টেম্বরের ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ১১ দলীয় লংমার্চের সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। লংমার্চ সফল করতে বিভিন্ন বিভাগের প্রস্তুতির বিষয়ও পর্যালোচনা করা হয়।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে সমাবেশের মাধ্যমে লংমার্চ শুরু করার প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে কর্মসূচি সফল করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়।
এ সময় দেশবাসীর প্রতি লংমার্চ সফল করে জনগণের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ ও মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও অফিস সেক্রেটারি মাওলানা আ ফ ম আব্দুস সাত্তার, মোহাম্মদ জাহিদুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মো. কামাল হোসেন এমপি, ডা. ফখরুদ্দিন মানিক, মু. আতাউর রহমান সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
এ ছাড়া এনডিএফ নেতা ডা. মাহমুদ হোসেন, শিল্পী সাইফুল্লাহ মানছুর, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, ডা. জিএম ফারুক এবং সাহিত্য ও সাংস্কৃতিক, প্রচার, আইটি, চিকিৎসাসহ বিভিন্ন বিভাগের দায়িত্বশীলরা সভায় উপস্থিত ছিলেন।

























