জুলাই হত্যা মামলার রায় বাস্তবায়ন দেখতে চায় মানুষ: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক।।
বাংলাদেশের মানুষ জুলাই হত্যা মামলার রায়গুলোর বাস্তবায়ন দেখতে চায় বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ বৃহস্পতিবার দুপুরে রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘গণভোটে সত্তর পার্সেন্ট মানুষ ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দিয়েছে। কিন্তু বর্তমান সরকার সেই রায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, গণভোটের রায় তারা কার্যকর করছে না। জুলাই সনদ তারা মুখে মুখে কার্যকর করবে বলছে। এটা তাদের কেবলই মৌখিক প্রতারণা। তারা একত্রিশ দফা সাথে প্রতারণা করেছে। তারা বলেছিল সংবিধান সংস্কার কমিশন করবে, সেটি তারা করেনি।’
তিনি আরও বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের পরে আমাদের দাবি ছিল ৩টি। বিচার, সংস্কার এবং নির্বাচন। আমরা দেখেছি নির্বাচন হয়েছে। কিন্তু বিচার ও সংস্কার বাংলাদেশের জনগণ পায়নি এখনো। বিচারে আবু সাঈদের যে মামলার রায়, সেই মামলার রায় আমরা পেয়েছি। কিন্তু সে মামলার রায় কিন্তু এখনো কার্যকর হয়নি।’
জুলাই হত্যা মামলার রায় কার্যকরের দাবি জানিয়ে তিনি বলেন, ‘অনেকগুলো মামলার রায় হয়েছে। এখন বাংলাদেশের মানুষ সেই রায়গুলোর বাস্তবায়ন দেখতে চায়। শহীদ আবু সাঈদের হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে সরকার যেন দ্রুত দেশে ফিরিয়ে এনে আদালতের দেওয়া রায় কার্যকর করে। অন্যান্য মামলার বিচারকাজও দ্রুত শেষ করে রায় কার্যকর করা উচিত। এতে আন্দোলনে নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ন্যায়বিচার পাবেন।’
সরকার ও বিরোধী দল একসঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন করছে মুক্তিযুদ্ধমন্ত্রীর এমন বক্তব্য নিয়ে তিনি বলেন, ‘সরকার যদি সত্যিকার অর্থে সংস্কার করতে চায় তাহলে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করছি এই প্রশ্নে। সংস্কার, বিচার, ফ্যাসিবাবাদের বিলুপ্তি, বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতি ইত্যাদি প্রশ্নে আমরা সরকার বিরোধী দল হিসেবে দেখি না।’
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা দেশের জনগণের পক্ষে, রাষ্ট্রের পক্ষে এক কাতারে দাঁড়ানো উচিত। কিন্তু আমরা সেরকম কোনো আলামত আমরা সরকারের কোনো আচরণে আমরা দেখতে পাচ্ছি না। ফলে জুলাই সনদ গণভোটের রায়ের আলোকে বাস্তবায়ন করতে হবে। তাদের নোট অফ ডিসেন্টের আলোকে বাস্তবায়ন করলে সেখানে আমাদের কোনো সহযোগিতা তো থাকবেই না, আমাদের কোনো অংশগ্রহণও থাকবে না।’
কবর জিয়ারত শেষে আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজ-খবর নেন এনসিপি নেতারা। এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।






















