মেহেরপুর বাজারে মাছের আমদানি কম, ক্রেতা সংকটে ভাটা বেচাকেনায়

মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের খুচরা ও পাইকারি বাজারগুলোতে শাকসবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও ক্রেতার স্বল্পতা এবং মাছের আমদানি কম থাকায় বাজারে এক ধরনের স্থবিরতা বিরাজ করছে। একদিকে বাজারে ক্রেতাদের উপস্থিতি আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় ব্যবসায়ীদের বিক্রি অর্ধেকে নেমেছে, অন্যদিকে মাছের চড়া দাম ও মুরগির দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন ও স্বল্প আয়ের মানুষ।
শুক্রবার ও শনিবার সকালে মেহেরপুর শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বাজারে আলু, পটল, ঢেঁড়স, করলাসহ বিভিন্ন ধরনের সবজির কোনো কমতি নেই। তবে গ্রামাঞ্চল থেকে ক্রেতাদের যাতায়াত ও উপস্থিতি বেশ কম।
সবজির বাজারদর:
খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৫০ টাকা, রসুন ৯০, কচু ৪০, টমেটো ১২০, কাঁচামরিচ ৮০, বেগুন ৭০, আদা ১৬০, শসা ৫০, কলা ৫০, আলু ২৫, লাউ ৫০, পেঁপে ২০, বরবটি ৫০, গাজর ১৪০, ওল ৫০, লালশাক ৪০, পটল ৪০, ঢেঁড়স ৪০, মিষ্টি কুমড়া ৫০, ঝিঙে ৫০, করলা ৫০ ও কাঁকরোল ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া নতুন সংযোজন হিসেবে বগুড়ার গুটি আলু খুচরা ৭০ টাকা ও পাইকারি ৬০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।
নিত্যপ্রয়োজনীয় মুদিপণ্য:
খুচরায় প্রতি কেজি আটারশ চাল ৫৫ টাকা, লালস্বর্ণ চাল ৫০, আটা ৫০, মসুর ডাল ১২০, কলাই ডাল ২০০, মটর ডাল ৬০, ছোলা ডাল ১১০ এবং চিনি ১১৫ টাকা দরে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে এসব পণ্যের দাম কিছুটা কম রয়েছে। পাইকারি ব্যবসায়ী আনিসুর রহমান জানান, বাজারে সব পণ্যের সরবরাহ ভালো থাকলেও ক্রেতার অভাবে বিক্রি কমেছে। পাশাপাশি প্রশাসনের রেশনের চাল-আটা ও তেল বাজারে আসায় সাধারণ ব্যবসায়ীদের বিক্রিতে কিছুটা প্রভাব পড়ছে।
মাছ ও মাংসের বাজার:
মাছের বাজারে আমদানি কম থাকায় দাম বেশ চড়া। খুচরায় প্রতি কেজি রুই ৩২০ টাকা, সিলভার কার্প ২০০, তেলাপিয়া ২২০, পাঙ্গাস ১৯০, বড় গ্লাসকাপ ৩৫০, মাঝারি আকারের ইলিশ ৮৫০, বড় কাতলা ৪০০, বাগদা চিংড়ি ৮০০, জিউল মাছ ৩৫০, কই ২০০ ও বাটা ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে। রাজমিস্ত্রি ও দিনমজুর শ্রেণির ক্রেতা বাবলু বিশ্বাস ও মফিজুর রহমান ক্ষোভ প্রকাশ করে জানান, ব্রয়লার মুরগির চেয়েও মাছের দাম বেশি হওয়ায় তাদের পক্ষে পরিবার নিয়ে নিয়মিত মাছ কেনা অসম্ভব হয়ে পড়েছে।
মাংসের বাজারে প্রতি কেজি খাসির মাংস ১১০০ টাকা, গরুর মাংস ৭৫০ টাকা এবং ছাগলের মাংস ৯০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া খুচরা বাজারে ব্রয়লার মুরগি ১৯০ টাকা, সোনালি ২৮০, লেয়ার ৩৬০ এবং দেশি মুরগি ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, মাছের বাজারে পাইকাররা সরাসরি খুচরা বিক্রি করায় খুচরা ব্যবসায়ীরা বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন। সবমিলিয়ে পর্যাপ্ত পণ্য থাকলেও ক্রেতা সংকটের কারণে মেহেরপুরের বাজারে এক প্রকার আর্থিক মন্দা ও ব্যবসায়ীদের মাঝে হতাশা বিরাজ করছে।























